ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

 

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ :

পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তিন ফসলি কৃষিজমি রক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানে এসকেবেটর ব্যবহার করে ইটভাটাটির চিমনি, কিলনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ অমান্য করে এবং পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ইট ভাটাটি পরিচালিত হয়ে আসছিল।

চলতি বছরের আগস্ট মাসে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ইটভাটা মালিকদের সঙ্গে প্রশাসনের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় লাইসেন্সবিহীন ও অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট অবৈধ ইটভাটা মালিকদের আনুষ্ঠানিক সতর্কতামূলক নোটিশও প্রদান করা হয়। তবে প্রশাসনের সেই নির্দেশনা ও নোটিশ অমান্য করে আসন্ন শুষ্ক মৌসুমকে সামনে রেখে পুনরায় ইট পোড়ানোর প্রস্তুতি ও কার্যক্রম শুরু করায় এ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

চাঁদপুর জেলায় ইতিমধ্যে ৪৮টি অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে। সরকারি নির্দেশনা ও আইন অমান্যকারী এসব চিহ্নিত ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি করে কিংবা ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। জেলার সব কটি অবৈধ ভাটা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন দীপংকর বাড়ৈ। অভিযানের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বাধা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং আনসার ব্যাটালিয়নের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে ভাটার আগুন নিভিয়ে উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করেন।

এদিকে, প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, পরিবেশবাদী ও সাধারণ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি ও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি মৌসুমি ফসল ও ফলদ বৃক্ষের ব্যাপক ক্ষতি হচ্ছিল।

নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষিজমি ধ্বংসের হাত থেকে বাঁচবে বলে আশা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন: