জসিম উদ্দিন, ফরিদগঞ্জ
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ১২ নম্বর চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই (৫৫), ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া (৩৭) এবং ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহবুব শেখ (৩২)।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই রাকিবুল হাসান ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
এদিকে একই দিন উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিনটি জিআর ও একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বদরপুর গ্রামের আবদুর রহিম প্রকাশ পরান, সন্তোষপুর গ্রামের মানিক মিয়া, পশ্চিম চাঁদপুর গ্রামের রুবেল খান এবং ঘনিয়া গ্রামের রাজু মোল্লা।
এসআই আতাউর রাব্বী, এএসআই মো. শাখাওয়াত হোসেন, এএসআই আকাশ ঘোষ ও এসআই জুয়েল মিয়াসহ পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।