মো. মহিউদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং পরিবেশগত আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং চিতোষী খিলা বাজার সংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানার মোট ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে অংশ নেয়া পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একটি দল এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া অগ্নিনির্বাপণে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।