শাহরাস্তিতে নারিকেল গাছে একজনের মৃত্যু

 

মো. মহিউদ্দীন :

চাঁদপুরের শাহরাস্তিতে গাছের ডাল কাটতে গিয়ে শহিদ ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোঁয়ার গ্রামের মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহতের স্ত্রী ও মেয়ের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে গাছের ডাল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শহিদ ইসলাম। সন্ধ্যা হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তাঁরা। একপর্যায়ে মেয়ের মনে পড়ে, সকালে তাঁর বাবা গাছের ডাল কাটতে যাওয়ার কথা বলেছিলেন।

পরে একটি টর্চলাইট নিয়ে আশপাশের গাছগুলোতে আলো ফেলতে থাকেন তিনি। এ সময় একটি নারিকেল গাছের মাথায় বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

স্থানীয়রা জানান, শহিদ ইসলাম কোনো একটি ব্যাংকে তৃতীয় অথবা চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন। তবে তিনি কোন ব্যাংকে কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, উদ্ধারের জন্য প্রথমে শাহরাস্তি ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে অফিসে লোকবল না থাকার কথা জানানো হয়। পরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার কথা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা উদ্ধারকাজে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে গাছের মাথায় শহিদ ইসলামের ঝুলন্ত অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

 

শেয়ার করুন: