জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলা দল

 

মামুন আল হাসান :

চাঁদপুর স্টেডিয়ামে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এচ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর সদর উপজেলা দল। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলা দল।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আজকের খেলাটি অত্যন্ত সুন্দর হয়েছে। দুই দলের খেলোয়াড়রাই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন। আমরা চাই, তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আবারও খেলার মাঠে ফিরে আসুক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুরের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করতে চাই। খুব শিগগিরই চাঁদপুরে ফুটবল লীগ শুরু হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান এবং জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান ও শরীফ মো. ইউনুস, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

 

শেয়ার করুন: