আরেফিন সুমন ॥
জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময় এই স্লোগানে চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন।
প্রধান অথিতির বক্তব্যে ড. জিয়াউদ্দিন বলেন, আমি প্রথমে পবিত্র কুরআন থেকে শুরু করে সব ধর্মগ্রন্থের মত বলবো সৃষ্টিকর্তা এমন সকল ধর্মগ্রন্থে উল্লেখ করেছেন যে তোমরা আমার সৃষ্টিকে অনুসরণ করো, অনুধাবন করো। উনি তথা আল্লাহ স্বয়ং বলেছেন যে তোমরা দুনিয়াতে বের হয়ে যাও আর দেখো আমি দুনিয়া কিভাবে সৃষ্টি করেছি। আপনি যদি এই বিশ্বের দিকে তাকান দেখবেন এর মধ্যে কোয়ান্টাম থিওরি রয়েছে, রয়েছে পদার্থবিজ্ঞানের জ্ঞান, রয়েছে রসায়ন বিজ্ঞানের অপূর্ব মিশেল।
আসলে বলা হয় বিজ্ঞান হচ্ছে ধর্মবিরোধী। তাই আমদের এসব নিয়ে চিন্তা করতে দেয়া হয় না। অথচ এই বিজ্ঞান আপনাকে ধর্মের খুব কাছাকাছি নিয়ে যাবে। উল্টো এই বিজ্ঞান আপনাকে আরো স্বাচ্ছন্দ্য দিবে, কল্যাণ দিবে এবং আপনার জীবনকে আরো সহজ করে তুলবে। একটা গল্প বলি। ১৯৬৫ সালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একজন কৃষি অফিসার ছিলেন। তিনি তার এলাকার মানুষকে বললেন তোমরা তোমাদের জমিতে সার ব্যবহার করো। মানুষজন শুধুমাত্র ধর্মান্ধতার কারনে মারমুখো হয়ে গিয়েছিলেন। তাদের কথা ছিল আল্লাহ তো ক্ষেতে সার ব্যবহার করতে বলেন নাই। তার ঠিক ৩০ বছর পর ১৯৯৫ সালে সেখানে সারের দাবিতে আন্দোলনরত সাতজন কৃষককে গুলি করা হয়েছে। এই ত্রিশ বছরে মানুষের চিন্তাভাবনার আমূল পরিবর্তন এসেছে। তারা বুঝেছে যে সার ব্যবহার করলে ঈশ্বরের বিরোধিতা করা হয় না।
তিনি বলেন, আপনি দুর্নীতি করবেন, আরেকজনের জমি দখল করবেন কিংবা ইয়াবার ব্যবসা করবেন সবাই আপনাকে বলবে নেতাজির পাওয়ার আছে। আপনার পিছনে দাঁড়ানো লোকের অভাব হবে না। কিন্তু আপনি ভালো কথা বললে, একটু বিজ্ঞানমনস্ক চিন্তা ভাবনা করবেন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। আমি শিক্ষার্থীদের বলতে এসেছি যে দেখো আমাদের জ্ঞান বিজ্ঞানে এগোনোর কোনো বিকল্প নেই। দেখো ইসরায়েল কত ছোট একটা দেশ কিন্তু সমগ্র আরব বিশ্ব তাদের সাথে পেরে উঠছে না। ১৯৭৩ সালে ছয়টা আরব রাষ্ট্র এই ইসরায়েলের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে। ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ইসরায়েলকে হারাতে পারেনি। কোরআন শরীফে আল্লাহ বলেছে যে জ্ঞানী হবে আমি তাকে বিজয় দান করবো, সম্পদ দান করবো। আল্লাহ কিন্তু কোনো জাতি বা ধর্মীয় কোনো গোষ্ঠীকে এ কথা বলেন নাই। এই কথাটা ছিল উন্মুক্ত। সবার উদ্দেশ্যে। ওরা অনেক জ্ঞান চর্চা করে। ওদের এখনো ১২-১৩ জন নোবেল বিজয়ী আছে যারা জীবিত। আমাদের মুসলিম বিশ্বে ক’জন জীবিত নোবেল বিজয়ী আছে আমি শিওর আপনারা কেউ বলতে পারবেন না।
তিনি আরো বলেন, শোনেন পঞ্চদশ শতাব্দী পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় মুসলমানদের আধিপত্য ছিল। ক্রুসেড, রেঁনেসার আগ পর্যন্ত মুসলমানরা বিশ্ব শাসন করতো। কারন জ্ঞান বিজ্ঞানে তারাই সেরা ছিল। সেই রেঁনেসার পর থেকে তারা মুসলমানদের বইগুলো অনুবাদ করা শুরু করলো। ইবনে সিনা, আল খোয়ারিজমি, আর্য ভট্ট তারা বিজ্ঞানচর্চা করে গিয়েছেন আর ধর্মান্ধ ব্যক্তিরা তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করে। আর তারা তাদের গবেষণালব্দ বই পড়ে নিজেদের আরো সমৃদ্ধ করে গিয়েছে। কথা গুলো বলার অর্থ এই যে জ্ঞানচর্চার মাধ্যমে আপনার প্রভাব খাটানোর দরকার নেই। আপনি শুধু মানুষকে জানান এর মাধ্যমে আপনি ও এগিয়ে যেতে সক্ষম। এই কারনে আমি শিক্ষার্থীদের বলবো তোমাদের বই পড়তে হবে। শুধু পাঠ্যবই না, তোমাদের সবরকমের ভালো বই পড়তে হবে। আমি দেশের বাইরে দেখেছি সেখানে রেলে, বাসে কেউ অযথা কথা বলে না। সবার হাতে বই থাকে। দেখো তাদের দেশের কি অবস্থা। আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা আরো বাড়াতে হবে, বেশি বেশি বই পড়তে হবে। এর কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল এমরান খান, পুরাণবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শোয়াইব আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আলমগীর হোসেন বাহার লেখক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, আল আমিন একাডেমির ভাইস প্রিন্সিপাল মো: ফারুকুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত অভিভাবক ও শিক্ষার্থীব্ন্দৃ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মেলার সব স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় মোট ৪৯টি উদ্ভাবনী দল অংশগ্রহণ করে। এর পাশাপাশি ৩২টি দল কুইজ প্রতিযোগিতায় এবং ৮০ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও প্রানী সম্পদ অধিদপ্তর চাঁদপুরের পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীিদের মাঝে ৪৮ টি বকনা বাছুর বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও মৎস বিভাগের পক্ষ থেকে ৫জন জেলের মাঝেও বকনা বাছুর বিতরণ করা হয়।
এদিকে সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে ৩২ বান ঢেউটিন ও ১০ পরিবারের মাঝে সাড়ে ৭ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। পরে গবাদি পশু পালনে জন্য ২জনকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষুদ্র ঋন প্রদান করা হয়।
![]()