নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোটের চেষ্টা ও দেয়ায় পিতা-পুত্রসহ ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এ দন্ডাদেশ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় বড়তুলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম (৫৯) ও তার পুত্র মোঃ সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু সাফায়েত হোসেনকে ১ মাস ও সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ওই গ্রামের আবু সৈয়দের পুত্র মোঃ সজিবকে ১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, জাল ভোট দেয়ার ঘটনায় ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।
![]()