নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লার পদ স্থগিত

 

 

গাজী মাজহারুল:

 

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাছির উদ্দিন মোল্লার সভাপতির পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

জেলা বিএনপির নির্দেশনায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর যৌথ স্বাক্ষরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়ে, যেখানে নাছির মোল্লাকে জমি সংক্রান্ত বিষয়ে টাকা চাইতে শোনা যায়। এছাড়া, পূর্বে তার বিরুদ্ধে সরকারি খাস জমিতে বসবাসকারী এক কৃষকের কাছ থেকে চাঁদা দাবি ও হামলায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল। যদিও এই অভিযোগের বিরুদ্ধে কিছু এলাকাবাসী তার পক্ষে মানববন্ধন করেছিলেন।

 

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে নাছির উদ্দিন মোল্লা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, অডিও রেকর্ডিংটি এডিট করা হয়েছে এবং তিনি কোনো অন্যায় করেননি। দলীয় তদন্তের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলেও জানান।

Loading

শেয়ার করুন: