ফরিদগঞ্জে ঋণে জর্জরিত দিনমজুরের আত্মহনন

 

নিজস্ব প্রতিনিধি ॥

ফরিদগঞ্জে ঋণের ভারে জর্জরিত, তারপরও আবারো ঋণ গ্রহণে স্ত্রী সহযোগিতা না করায় মিজান গাজী (৫০) নামে এক দিনমজুর বিষপানে আত্মহত্যা করেছেন।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গাজী বাড়িতে মঙ্গলবার (১ জুলাই ) এ ঘটনা ঘটে। মিজান গাজী সাহাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে ও ৪ সন্তানের জনক। সংবাদ পেয়ে থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে বুধবার (২ জুলাই ২০২৫) চাঁদপুর পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করেছে।

জানা গেছে, মিজান গাজী বেশ ক’টি এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। এগুলোর নিয়মিত সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতেই হিমশিম খাচ্ছিলেন। এরই মধ্যে তার স্ত্রীকে অন্য আরেকটি এনজিও থেকে ঋণ তোলায় সহযোগিতার জন্যে চাপ প্রয়োগ করেন। কিন্তু স্ত্রী কোহিনুর বেগম এতে রাজি না হওয়ায় অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করে বুধবার (২ জুলাই) সকালে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।

 

Loading

শেয়ার করুন: