বিএনপির আন্দোলন শুধুমাত্র হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ: : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ॥

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, রাব্বুল আলামিন চান আমরা দেশের মানুষ যেন আরো ভালো থাকি, দেশটা যেন সুন্দর হয়।সেটা করবার জন্য সামনে একটা নির্বাচন আসছে। জনগণ আরো ভালো থাকার জন্য তারা আবারো নৌকায় ভোট দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলাদেশ দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করছেন। আগামী দিনে আমাদের শিক্ষার্থীরাই হবেন বাংলাদেশের স্মার্ট নগরিক।এজন্য তাদেরকে দক্ষ করে তোলার জন্য নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। তারা আনন্দের সহিত বিজ্ঞান প্রযুক্তিতে উদ্ভাবনে করে করে শিখছে।

তিনি  ২৭ জুন মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও চাঁদপুর – হাইমচরের দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা ও তার সরকার সব সময় জনগণের পাশে আছে। বাংলাদেশে এখন এমন কেউ নেই যে না খেয়ে মরছে। সবার পেটে খাবার আছে। প্রত্যেকটা মানুষ খেয়ে পরে বাঁচতে পারছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে । অতি দরিদ্রদের জন্য অনেক কিছুই করছে। যাদের ঘর নাই জায়গা নাই সরকার তাদের মাথা গুজার জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে।স্কুল-কলেজ মসজিদ-মাদ্রাসা রাস্তাঘাট, বিজ্ঞান প্রযুক্তিতে এইযে বিশাল উন্নতি হয়েছে।তার সকল কিছুতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা সাহসিকতা দৃঢ়তা দেশের প্রতি ভালোবাসায় দেশটাকে সঠিক পথে চালাচ্ছেন বলেই আজকে আমাদের দেশটা অনেক এগিয়ে গেছে।

তিনি বলেন, আমরা চাই দেশটা আরো ভালো চলুক,আজকে হজের দিন আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করব আমাদের দেশটা যেন আরো ভালো থাকে সুন্দর হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে তারই হবেন আমাদের স্মার্ট নাগরিক। এজন্য তাদেরকে সৎ সহমর্মিতা পরম সহিষ্ণুতা অসাম্প্রদায়িক মানবিক হতে হবে।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে বিএনপি ঈদের পর আন্দোলন করবে। সেটা এ বছরও বলেছে। তবে কোন ঈদের পর তারা আন্দোলন করবে তা আমাদের জানা নেই। আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। এ কারণে বিএনপির আন্দোলন শুধুমাত্র হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ। সেটা সঠিক আন্দোলনে পরিণত হতে পারে না।

দীপু মনি বলেন, অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কোনো দিন নিরাপদ নয়। তারা আজকে যতই মায়াকান্না করুক। দেশবাসী জানে গণতন্ত্র কার হাতে নিরাপদ। শেখ হাসিনার হাতেই এখন গণতন্ত্র নিরাপদ আছে। তাই জনগণ তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বই আমাদের দরকার। কোনো নতজানু নেতৃত্ব নয়- যারা আসে কোনো ব্যক্তি, পরিবার বা একটি গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য। যা বিএনপি-জামায়াত অতীতেও করেছে এখনো করার স্বপ্ন দেখছে। আমি বিশ্বাস করি তাদেরকে বাংলাদেশের জনগণ আর চাইবে না। জনগণ অতীতেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতেও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। যেন কোনো ধরনের চাপের কাছে বাংলাদেশকে কখনো নত স্বীকার করতে না হয়। বাংলাদেশ মাথা উঁচু করে চলবে। কারণ আমরা বিজয়ী জাতি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন,সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম,জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মন্ত্রী মহোদয় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।এর পর তিনি চাঁদপুর ও হাইমচর উপজেলার ১০০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহারের চাল বিতরণ করেন।

 

Loading

শেয়ার করুন: