নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজারে ভুয়া নাম- ঠিকানা ব্যবহার করে লাল চিনি প্যাকেটজাত ও বাজারে বিক্রি করার অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ মে ) দুপুরে বাজার তদারকিতে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে লাল চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করায় কার্ত্তিক চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ সময় ভুয়া নাম ঠিকানা সম্বলিত চিনির প্যাকেট ধ্বংস করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
![]()