সাহাদাত হোসেন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম দুর্গাপুর ইয়াং ক্লাবের উদ্যোগে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ বিকেলে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেমাই, চিনি, নুডলস, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হারিনা জামে মসজিদের ইমাম ও খতিব ই এম আই গাজ্জালীর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সরকার।
তিনি বলেন, “আমাদের সংগঠনটি মূলত শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবামূলক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি। আমাদের আজকের এই আনুষ্ঠানিকতার মূল লক্ষ্য হলো সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে উদ্বুদ্ধ করা, যাতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হন।”
তিনি আরো বলেন, “আমাদের সংগঠনের এই পথচলায় প্রবাসী ভাইদের অবদান অপরিসীম। তাঁদের হাড়ভাঙা খাটুনি ও আন্তরিক সহযোগিতার ফলেই আমরা এসব সেবামূলক কাজ পরিচালনা করতে পারছি। আমরা যেন ভবিষ্যতেও এভাবেই সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবেদিন সরকার এবং পশ্চিম দুর্গাপুর বাইতুত তাক্বওয়া জামে মসজিদের ইমাম ও খতিব খালেদ সাইফুল্লাহ চাঁদপুরী। তিনি এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরিশেষে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব সরকার, অর্থ বিষয়ক সম্পাদক ফয়েজ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটে উঠতে দেখা গেছে। ইয়াং ক্লাবের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
![]()