নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাপের কামড়ে শারমিন আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নবকলস গ্রামে নানার বাড়িতে মারা যান তিনি।
শারমিন আক্তার (২১) মতলব পৌরসভার নিলক্ষ্মী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট পাটোয়ারী বাড়ির রাজু পাটোয়ারীর সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। তিন মাস আগে স্ট্রোক করে মারা যান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে , এই দম্পতির দুই বছর আগে বিয়ে হয়েছে। দাম্পত্য জীবনে তাদের ঘরে নয় মাসের ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। আনন্দ সুখে কাটছিল তাদের জীবন। হঠাৎ স্ট্রোক করে ৩ মাস পূর্বে স্বামী রাজু পাটোয়ারী মারা যায়। স্বামী ছাড়া সন্তানকে নিয়ে বেঁচে ছিলেন ২১ বছর বয়সী শারমিন আক্তার। ভাগ্যের নির্মম পরিহাস স্বামীর মৃত্যুর শোক শেষ না হতেই সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পরলেন এক সন্তানের জননী শারমিন আক্তার।
স্থানীয়রা জানান, শারমিন আক্তার ১ নভেম্বর সন্ধ্যায় টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। টয়লেটে যাওয়ার সময় পায়ের মধ্যে বিষধর সাপ কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষণে সাপটি চলে যায়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন শারমিন। গ্রাম্য কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য নেওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে। চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন।পরে সোমবার সকালে শারমিনের মৃত্যু হয়।
নিহত শারমিন আক্তারের বাবা মো: হান্নান মীর বলেন, সাপে কামড় দেওয়ার পর এলাকায় কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। তারপর ২ নভেম্বর চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে অ্যান্টিভেনম ও চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসি। গতকাল মোটামুটি সুস্থ ছিল। আজ ভোর রাতে উপজেলার নবকলস গ্রামে ওর নানার বাড়িতে মেয়ের মৃত্যু হয়। সকাল ১০টায় তার মরদেহ দাফন করা হয়েছে। আমার মেয়ের জামাই রাজু পাটোয়ারী গত ৩ মাস আগে স্ট্রোক করে মারা গেছে। একটা নয় মাসের নাতিন আছে। আল্লাহ কিভাবে আমার মেয়েটারে নিয়ে গেল।
![]()