হাইমচরে গ্রাম আদালত সক্রিয়করণে ইউপি সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

 

 

গাজী মাজহারুল ইসলাম ॥

হাইমচরে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে – চলো যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য অংশ নিচ্ছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা চলছে। এর মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বল্প খরচ ও দ্রুত সময়ে ন্যায়বিচার পৌঁছে দেওয়া।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালত আইন, বিধিমালা, ডকুমেন্টেশন পদ্ধতি এবং সমঝোতামূলক বিচার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইউপি সদস্যরা গ্রাম আদালতে বিচারাধীন ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ গোলাম জাকারিয়া। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মোঃ জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিচারিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজ উপায়ে বিচার পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Loading

শেয়ার করুন: