হাজীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

 

হাজীগঞ্জ প্রতিনিধি ॥

হাজীগঞ্জে লুকোচুরি খেলতে গিয়ে নিজ বসতঘরে সাপের কামড়ে আবু নাঈম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির মো. আবু মুছার ছেলে।

জানা গেছে, চার বছর বয়সি ভাগিনা আয়ানের সাথে শনিবার রাতে নিজ বসতঘরে লুকোচুরি খেলাধূলা করছিলো শিশু আবু নাঈম। খেলাধূলার এক ফাঁকে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। এসময় খাটের নিচে থাকা মাটির গর্তের উপর হাত দিলে শিশু আবু নাঈমকে বিষধর সাপে কামড় দিলে সে কান্নাকাটি শুরু করে।

তাৎখনিক পরিবারের লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কিন্তু শারিরিক অবস্থার অবনিত হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করে।

নাঈমের বাবা আবু মুছা বলেন, আমি থেরাপি দিতে চাঁদপুর শহরে গেলে আমার বড় মেয়ে নাঈমে সাপে কাটার ঘটনাটি জানায়। তাৎক্ষনিক আমি সিএনজি রিজার্ভ নিয়ে বাড়িতে এসে ছেলেকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। রাত সাড়ে দশটার দিকে ছেলেকে ঢাকা নিয়ে যেতে বলা হয়।

 

তিনি জানান, ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতাল বেডেই আমার ছেলে মারা যায়। রোববার বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার, নিকট আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন হোসেন সংবাদকর্মীদের জানান, অবুঝ ও ফুটফুটে শিশুটির মৃত্যুতে আমরা শোকাহত। তিনি সাপের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন।

Loading

শেয়ার করুন: