চাঁদপুরের সাবেক ডিসি ইসমাইল হোসেন গ্রেপ্তার

মেঘনা বার্তা ডেস্ক ॥

চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক ও সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া সচিব ইসমাইল হোসেন গ্রেপ্তার হয়েছেন। বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)-এর ১১তম ব্যাচের সদস্য এবং খাদ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব।

শনিবার (২১ ডিসেম্বর ) এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ।

তিনি বলেন, ‘বিমানবন্দর টার্মিনাল থেকে গত শুক্রবার (২০ ডিসেম্বর ) রাত ১০টার দিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ইসমাইল হোসেনকে। পরে তাঁকে আজ (শনিবার) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তাঁর পিসিপিআর যাচাই-বাছাই করা হয়।

পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান রহমান জানান , ‘সন্দেহজনক হিসেবে সাবেক সচিব ইসমাইল হোসেনকে আটকের পর তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তাহলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘গ্রেপ্তার হওয়া সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ জানা যায়, আদালত তাঁর জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

শেয়ার করুন: