মাসুদ রানা ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দর্জি ঘাট সংলগ্ন ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনির পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পরে আমরা এই আসনটাকে পুনরুদ্ধার করতে পেরেছিলাম। এই আসনে আওয়ামী লীগের এমপি আসার পরে চাঁদপুর হাইমচর মানুষের শত বছরের কান্না লাঘব করতে পেরেছি। তাদের কান্না ছিল কখন আমাদের বাড়িটা ভেঙে যায়, আমার মা-বাবার কবরটা ভেঙে যায়, কখন যেন মসজিদটা ভেঙে যায়। দুই হাত তুলে এরকম আর্তনাদ কান্না ছিল মানুষের। আমাদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবদার করেছিলেন যে আপনি মধুমতির কন্যা আমি মেঘনাপারের কন্যা। যদি আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রী বানায় তাহলে আপনি আজ ওয়াদা দিবেন চাঁদপুর হাইমচরের বাঁধ আপনি করে দিবেন।
তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ইনশাআল্লাহ বাংলার জনগণ যদি আমাকে চায়, আল্লাহ যদি আমাকে আবার প্রধানমন্ত্রী করে তাহলে এবারে আমার প্রথম কাজ হবে চাঁদপুর হামচরের পাকা বাঁধ নির্মাণের। যে কথা সেই কাজ জননেত্রী শেখ হাসিনা সেই কাজ চাঁদপুরের বুকে করে দিয়েছেন। আমাদের মধ্যে যদি ঐক্য থাকে, আমরা যদি আওয়ামী লীগের উন্নয়নের কথা স্বীকার করি, আমরা যদি আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই, তাহলে আমাদের পিছপা হলে চলবে না আমাদের এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি আগামী সংসদ নির্বাচনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যেকের ভোটগুলো নিতে পারি তাহলে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে।
১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন বাসুর কোরআন তেলাওয়াত ও সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক শাহ আলম খলিফা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন মিয়া, সাধারণ সম্পাদক আলী হোসেনসহ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
![]()