চাঁদপুরে যুব দিবসের সচেতনতামূলক সভায় গুজব প্রতিরোধ ও নীতি-নৈতিকতা চর্চার আহ্বান

 

 

নিজস্ব প্রতিনিধি :

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে চাঁদপুরে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ) সকালে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনের হল রুম অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এবারের সভার মূল বিষয়বস্তু ছিল “গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং নীতি-নৈতিকতা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুব সংগঠক এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী ও যুবসমাজ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “গুজব ও অপপ্রচার রোধে আপনাদের সচেতনতা অত্যন্ত জরুরী। সামাজিক দায়বদ্ধতা থেকে এই দায়িত্ব আপনাদের নৈতিক শিক্ষার অংশ, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই।”

তিনি যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান। একই সাথে সমাজে যেকোনো বিশৃঙ্খলা বা ‘মব জাস্টিস’ সৃষ্টিকে কঠোরভাবে নিরুৎসাহিত করে তিনি বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেন। কোনো অপ্রীতিকর ঘটনা বা গুজবের উৎস সন্ধান পেলে তা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মো: হুমায়ুন কবির বলেন, যুবকদের শুধু কর্মমুখী শিক্ষায় দক্ষ হলেই চলবে না, বরং তাদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অপপ্রচারের অন্ধকার থেকে দূরে থেকে যুবসমাজ যাতে দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সচেতনতামূলক সেশনটি শেষে যুবকদের মাঝে নীতি-নৈতিকতা রক্ষা এবং সমাজ বিনির্মাণে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে চাঁদপুরে সপ্তাহব্যাপী এ ধরনের আরও বেশ কিছু শিক্ষণীয় ও সচেতনতামূলক সেশন, পরিচ্ছন্নতা অভিযান এবং যুব ঋণের চেক বিতরণের পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন: