ফরিদগঞ্জে মাদক, ইভটিজিং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন

 

ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান এলাকাকে মাদকমুক্ত রাখা,নিরীহ মানুষকে এবং মাদক ইভটিজিং এবং কিশোর গ্যাং-এর বিরুদ্ধে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

রোববার (০১ নভেম্বর ) সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার সংশ্লিষ্ট দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে কয়েকশত শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানান, মদিনা বাজার এবং দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসা এবং নূরানী মাদ্রাসা সংলগ্ন এলাকা ও সড়কটি মাদকসেবী ও মাদককারবারীদের নিরাপদ জোনে পরিনত হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে এই এলাকা। এদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বললে নানা ধরনের হুমকি ধমকি দেয় তারা। এই এলাকাটি বেশ কয়েকটি ইউনিয়নে প্রবেশের জোন হওয়ায়, অপরাধীরা এটিকে নিরাপদ জোন হিসেবে ব্যবহার করে। তাই একানে পুলিশের পেট্রোলিং বাড়ানোর আবেদন করেন এলাকাবাসী।

তারা বলেন, সম্প্রতি মদিনা বাজার এলাকায় সচেতন লোকজন জনৈক মাদক সেবী ও কারবারীকে আটক করার চেষ্টা করলে সে অটোবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার সামনে ভয়াবহ দুর্ঘটনার পতিত হয়। কিন্তু প্রকৃত ঘটনাকে আড়াল করে ঘটনাটিকে ভিন্ন খাতে সাজিয়ে ইতিমধ্যেই থানায় মামলা দায়ের হয়েছে এবং ওই মামলায় একজন বর্তমানে কারাগারে আটক রয়েছে। তারা বলেন, আমরা চাই থানা পুলিশ ঘটনাটির সঠিক তদন্ত করুক, যাতে মূল ঘটনা বেরিয়ে আসে। অযথা নিরীহ মানুষ যাতে হয়রানি না হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার, ইলমি আক্তার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হারুনুর রশিদ, এলাকাবাসীর পক্ষে ফারুক হোসেন, তাহসিন আহমদ, আনিছুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে একটি মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন: