জসিম উদ্দিন, ফরিদগঞ্জ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসক দীর্ঘ অনুপস্থিতে ফুসে উঠেছে এলাকাবাসী। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নূর হোসেনের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা, অনিয়মের অভিযোগ নিত্য দিনের একের পর এক অভিযোগ সামনে এলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধে উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটকে তালা ঝুলছে। এ সময় চিকিৎসকসহ কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি।
কেন্দ্রের অফিস সহায়ক মিজানুর রহমান জানান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নূর হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। তবে সেখানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর কোনো দায়িত্ব নাই। তাঁর কর্মস্থল পাইকপাড়া স্বাস্থ্যকেন্দ্র।
চিকিৎসাসেবা নিতে আসা নুরুল ইসলামসহ কয়েকজন রোগী জানান, প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার এখানে চিকিৎসাসেবা দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত দিনে এসেও চিকিৎসককে পাওয়া যায় না। অধিকাংশ সময় কেন্দ্রটি বন্ধ থাকে। মাঝেমধ্যে অফিস সহায়ক এসে এক-দুই ঘণ্টা পর চলে যান। ফলে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ না পেয়েই ফিরে যেতে হয় তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে মাত্র দুই দিন চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকলেও সেটুকুও নিশ্চিত হচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দরিদ্র ও অসহায় রোগীরা।
এদিকে গত অক্টোবর মাসে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে ২০২৫ সালে উপজেলার কড়ইতলী উপস্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতি নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একাধিক প্রতিবেদন প্রচারিত হয়। একের পর এক অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগের পুনরাবৃত্তি কেন ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় রোগীদের প্রশ্ন, অভিযোগের পরও সংশ্লিষ্ট ডাক্তার এবং কর্মচারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ থাকা ব্যক্তিরা কীভাবে বহাল থাকছেন? তাঁদের পেছনে কোনো প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নূর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, অভিযোগ সম্পর্কে তাঁরা জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।