নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় বশির পাটোয়ারী স্টোর ও ফকরউদ্দীন ষ্টোর দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১৯৫ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউন এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বশির পাটোয়ারী স্টোরের গোডাউন থেকে প্রায় ১২৪৫ কেজি (এক হাজার দুইশত পয়তাল্লিশ কেজি) এবং ফকরউদ্দীনের গোডাউন থেকে প্রায় ৯৫০কেজি (নয়শত পঞ্চাশ কেজি) অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। তাদেরকে অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।