মতলবে মির্জা সুইট এন্ড বেকারীতে অনিয়মে ২ জনকে ৪ লাখ টাকা জরিমানা

স্টার রিপোর্টার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের শান্তির বাজারে মির্জা সুইটস অ্যান্ড বেকারি নামের একটি মিষ্টির দোকানে অনিয়মের অভিযোগে দুই আসামিকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ আদালত এইআদেশ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. খোরশেদ আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ও ৪০ ধারায় মামলাটি করা হয়েছিল।

অভিযোগে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে দোকানে গিয়ে তাদের কারখানা পরিদর্শন করতে চাইলে অভিযুক্তগণ বিভিন্ন অজুহাতে ৪০-৫০ মিনিট কালক্ষেপন করে বাসি ও পচা খাবার কারখানা হতে সরিয়ে ফেলে। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি ইনস্পেক্টর ও সংশ্লিষ্টদের সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরিদর্শন কাজে অসহযোগিতা করেন।

মামলাটির বিচারকালে প্রত্যেক আসামি নিজেদের দোষ স্বীকার করেন। তাদের দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ খাদ্য আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জনাব শাহাদাতুল হাসান আল মুরাদ মঙ্গলবার দুপুরে  দুই আসামির প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অনুযায়ী এ ধরনের অভিযান ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। বিষয়টি রাত দশটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দর  নাজির ফখরুদ্দীন স্বপন নিশ্চিত করেন।

শেয়ার করুন: