ফারুক হোসেন
২২তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জয় নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা দল।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করেন মতলব উত্তর উপজেলার ক্রীড়া সংস্থার গোলকিপার মো. সাকিব।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, মতলব উত্তরের সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হাসান।
এ ছাড়া জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।