মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নম্বর জহিরাবাদ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। চেয়ারম্যানের কার্যকাল শেষ হওয়া, দীর্ঘদিন নির্বাচন না হওয়া এবং নাগরিক সেবা নিয়ে জনভোগান্তির অভিযোগের প্রেক্ষাপটে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল মোহাম্মদ আলীকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি স্বাক্ষরিত আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৫-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখার ১১ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। আদেশ অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল মোহাম্মদ আলীকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার বুঝে নিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশের স্মারক নম্বর ০৫.৪২.১৩৭৯.০০০.০০০.০৬.০৪৭৯.২৬-৮৮৪। আদেশের অনুলিপি স্থানীয় সরকার বিভাগের সচিব, চট্টগ্রাম বিভাগের কমিশনার, চাঁদপুরের জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
জানা গেছে, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আক্কাস বাদলের মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হলে উপনির্বাচনে মো. সেলিম মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল থাকলেও সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পর নির্বাচন স্থগিত করা হয়। রিট পিটিশন নম্বর ৭১৪০/২০২১। ১৬ নভেম্বর ২০২১ নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়।
পরবর্তীতে ২০২২ সালের ৯ মে নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে ১৫ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। তবে দীর্ঘ সময় ধরে ইউনিয়নটিতে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন পরিষদ গঠনের বিষয়টি অনিশ্চিত থাকায় এবার প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত এসেছে।
নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। জহিরাবাদ ইউনিয়নবাসী যাতে ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পান, সেটি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। সরকারি বিধিবিধান মেনে পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করব।
অন্যদিকে প্রশাসক নিয়োগের বিষয়ে সাবেক চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, আমি আজকে একটি চিঠি পেয়েছি। তবে কী কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেটি আমি জানি না। এ বিষয়ে পরে আপনাদের সঙ্গে কথা বলব।
প্রশাসক নিয়োগের বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি চেয়ারম্যানের নিয়মিত অফিসে উপস্থিতি না থাকা এবং জরুরি নাগরিক সেবা পেতে জনগণের ভোগান্তি ও অভিযোগের বিষয়গুলোও প্রশাসনের নজরে এসেছে। এরই মধ্যে চেয়ারম্যানের কার্যকালও শেষ হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হলে তা অনুমোদিত হয়। প্রশাসক নিয়োগের পর দায়িত্ব হস্তান্তরের জন্য বর্তমান চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জহিরাবাদ ইউনিয়নের নির্বাচন সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে আদালতের নিষেধাজ্ঞায় রয়েছে। তবে প্রশাসক নিয়োগের বিষয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায়নি। চলতি বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ অবস্থায় জনগণের জরুরি নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসক নিয়োগকে এ মুহূর্তে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত মনে হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে।