নিজস্ব প্রতিনিধি ॥
প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরছেন মানুষ। মঙ্গলবার (১৭মার্চ) চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেছে।
এদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেখা গেছে, চাঁদপুর লঞ্চ টার্মিনালে শত শত মানুষের ভিড়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঘাটে রয়েছে নৌ-পুলিশের ভ্রাম্যমাণ দল। শৃঙ্খলা বজায় রাখতে লঞ্চঘাটে পুলিশের সঙ্গে কাজ করছে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, আনসার ও স্কাউট সদস্যরা। যাত্রীদের হয়রানিমুক্ত রাখতে বারবার মাইকিং করা হচ্ছে।
লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে লঞ্চ যাত্রীদের কাছ থেকে ১০% ভাড়া কম নেয়া হচ্ছে। লঞ্চে কেউ অসুস্থ্য হলে তাকে চিকিৎসার জন্য দেয়ার ব্যবস্থা আছে। গুরুতর অসুস্থ্য হলে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশের ওসি একেএম ইকবাল হোসেন বলেন, গত বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য নৌ-পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (বওপ) মোঃ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যাত্রীবাহী লঞ্চ চলাচলে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমাদের স্পেশাল লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের প্রয়োজনে এ লঞ্চগুলোও ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া আছে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া ও যাত্রী বহন করা যাবে না। যদি কোনো লঞ্চ এ ধরনের কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()