স্টাফ রিপোর্টার ॥
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি পালন করছে। সকাল সাতটায় বিএনপি কার্যালয়ে দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর মিলাদ, কোরআন খতমের আয়োজন, কালো ব্যাজ ধারণ এবং দলের কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজ আমরা দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছি। আগামী সোমবার পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বাদ যোহর হাসান আলী হাই স্কুল মাঠে খালেদা জিয়ার গায়বানা জানাযা অনুষ্ঠিত হবে ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এড, হারুন অর রশিদ, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী বেপারী জেলা যুবদলের সাধারন সম্পাদক এড, নুরুল আমিন খান আকাশসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।
চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে প্রদত্ত এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ শোকার্ত দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
চাঁদপুর পৌর ছাত্রদলের শোক প্রকাশ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, গণতন্ত্রের মা ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চাঁদপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় চাঁদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। তার আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা দেশবাসীর কাছে মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।
চাঁদপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এই শোকের সময়ে সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়।
শাহরাস্তি প্রেস ক্লাবের শোক:
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে শাহরাস্তি প্রেসক্লাব। শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন প্রেসক্লাবের পক্ষে শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন আপোষহীন নেত্রী, তিনি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছে। মহান আল্লাহ পাক উনাকে বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও দলের সকল নেতাকর্মীদের এই শোক সহিবার তৌফিক দান করুন আমীন।
জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের শোক প্রকাশ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারী সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ শোকার্ত দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
![]()