নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে মতলব উত্তর উপজেলার সকল বিভাগীয় প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুল দিয়ে নবনির্বাচিত এমপিকে স্বাগত জানায় উপজেলা প্রশাসন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
জনগণের কল্যাণে সরকারি উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মাদক, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রমে কাজ করতে হবে । প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মতলব উত্তর উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয়, জনসেবার মানোন্নয়ন এবং চলমান সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
![]()