সাংবাদিকদের অস্তিত্ব ধরে রাখতে ঐক্য ধরে রাখতে হবে:মুহাম্মদ আব্দুল্লাহ

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, মুক্ত সাংবাদিকতার এ সুযোগকে কাজে লাগাতে হবে। নইলে পুনরায় কেউ না কেউ আমাদের গলা চেপে ধরার চেষ্টা করবে। সাংবাদিকদের অস্তিত্ব ধরে রাখতে হলে অবশ্যই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। আমাদের মাঝে যদি ঐক্য থাকে তাহলে পেশাদার সাংবাদিকরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারব। তিনি ৭ এপ্রিল সোমবার চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন,এখনও বিভিন্ন দিক থেকে নানা অপশক্তি সাংবাদিকদের উপর হামলা চালাবার চেষ্টা করছে। তাদের কাজে বাঁধা দিচ্ছে । মুক্ত সাংবাদিকতার এ সুযোগকে কাজে লাগাতে হবে। নইলে পুনরায় কেউ না কেউ আমাদের গলা চেপে ধরার চেষ্টা করবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, গণমাধ্যম কমিশন একটি বড় ধরনের রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে সাংবাদিকতার জগতে একটি বড় ধরনের বিবর্তনের আভাস আমরা পাচ্ছি। সেখানে আপনাদের জন্য ভালো ভালো সুপারিশ করা হয়েছে । সেই সুপারিশ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু বিষয়ে আছে যেগুলি সাংবাদিকদের নানা ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। সেই বিষয়গুলি ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে ভাববেন। এবং সেই অনুযায়ী করণীয় নির্ধারণ করবেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয়ে তিনি বলেন, বিগত ১১ বছর কল্যাণ ট্রাস্ট থেকে অস্বচ্ছভাবে কোটি কোটি টাকা একই মনমানসিকতা এবং মতাদর্শের লোকদের দেয়া হয়েছে। আমরা হিসেব করে দেখেছি, সাড়ে ৬ হাজার অনুদানের চেকের মধ্যে ১টি অনুদানের চেক ভিন্ন মতাবলম্বি এজনকে দেয়া হয়েছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে এখন থেকে আমাদেরকে সে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।
এম আব্দুল্লাহ আরো বলেন, আজকে শুধু চেক বিতরণ করাই আমার উদ্দেশ্য না। আপনাদের সাথে মতবিনিময় করে সবার ভাবনা জানা এবং কল্যাণ ট্রাস্টের কাছে আপনাদের প্রত্যাশা কী? তা জানতে এসেছি। আগে কল্যাণ ট্রাস্টের বিষয়টি তেমন করে প্রচার করা হতো না। আমি সারাদেশ ঘুরে এ বিষয়টি প্রচার করছি। খুঁজে বের করার চেষ্টা করছি প্রকৃত অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের। আমার ইচ্ছা অসচ্ছল এবং অসুস্থ সকল সাংবাদিকের পাশে দাঁড়ানো।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ ও দৈনিক গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস।

আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক দেলোয়ার আহমেদ, মুনির চৌধুরী, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিনিধি ফারুক আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, ইব্রাহিম রনি ও কোষাধ্যক্ষ সালাউদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৯ জন সাংবাদিককে ৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: