স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা

মেঘনা বার্তা ডেস্ক :

স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াতে ইসলাম। গতকাল সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সভা কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং চাঁদপুর -৫( ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকার জামাত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন।

সভাটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী এবং চাঁদপুর -৪ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকার জামাত মনোনীত প্রার্থী অ্যাড, শাহজাহান মিয়া।

এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। জামাত ক্ষমতায় এলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা চাই আপনাদের মিডিয়ায় সঠিক তথ্য প্রচারে ভুমিকা রাখবেন। জাতিকে সঠিক পথ দেখানোর জন্যে আপনাদের ভূমিকা অনেক।

চাঁদপুর -৩ এর জামাত প্রার্থী অ্যাড, শাহজাহান মিয়া বলেন, ২০১৪ সালে আমি প্রথম জনপ্রতিনিধি হয়েছি। সে বছর উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতায় বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তখন আপনাদের খেদমতে তেমন কিছু করতে পারিনি। ২৪ এর জুলাই বিপ্লবের পর নির্বাচনি পরিবেশ সৃষ্টি হয়েছে। এবার সংসদ নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছি। সে সুবাদেই আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি।

জেলা জামায়াতের আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, আমি এবং আমার দলও নির্বাচন চায়। তবে তার আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট চাই।
তিনি বলেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন, জামায়াতসহ ৮টি ইসলামি দল সকল দাবি আদায় এবং নির্বাচন ববষয়ে একমত হয়েছে।

জেলা জামায়াতের আমীর আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকদের মাধ্যমে আমরা ঘুম থেকে উঠেই সকল তথ্য জানতে পারি। আমরা প্রত্যাশা করি, ঘটনা যাই ঘটুক না কেনো জনগণ যাতে সঠিক তথ্য পায়।

এ সময় সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নের জবাব দতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধর্মভিত্তিক আটটি দলের সাথে আসন সমঝোতায় জামায়াত কোন কৃপণতা করবে না। যেখানেই কেন্দ্রীয়ভাবে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় আমরা কোন প্রকার প্রশ্ন ছাড়াই তা মেনে নিবো।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পেলে জুলাই যোদ্ধারা বিপদে পড়বে। তাই গণভোট বাস্তবায়নে জামায়াত অনড় থাকবে। আমরা মনে করি, নির্বাচন বিলম্ব হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করি। তবে এর আগেই গণভোট করে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে।

পত্রিকা সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর দর্পণের সম্পাদক শরিফ চৌধুরী, দৈনিক সংবাদের সম্পাদক আব্দুর রহমান, সপ্তাহিক সকাল এর সম্পাদক মোশাররফ হোসেন লিটন, প্রভাতি কাগজের সম্পাদক আব্দুল আউল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন।

সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন,শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ,ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও জামায়াতের নেতৃবৃন্দ।

বিল্লাল মিয়াজী আরো বলেন, আমরা জামায়াতে ইসলামীর প্রতি জনগণের স্বতস্ফূর্ত ভালোবাসা লক্ষ্য করছি। আমরা প্রত্যাশা করি, জামায়াতের নেতৃত্বেই আমরা আগামী নির্বাচনে সরকার গঠন করবো। আর এ যাত্রায় সাংবাদিকরা আমাদের সাথে থাকবেন, আমরা অনুরোধ করবো- সাংবাদিকেরা সাদাকে সাদা বলবেন, কালোকে বলবেন।
জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেন, আমরা লক্ষ্য করেছি মানুষের মাঝে চিন্তার পরিবর্তন এসেছে, মানুষ রাজনৈতিক সচেতন হয়েছে, মানুষের সেই চিন্তাকে, সেই সচেতনতাকে বাস্তবে রুপ দিতে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবের পর সাংবাদিকদের কোন বাঁধা নেই, কারো চোখ রাঙ্গানিকে এখন আর সাংবাদিকদের ভয় করা চলবে না।

তিনি আরো বলেন, চাঁদপুরে শান্তিপূর্ণ অবস্থান অব্যহত রাখতে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচিত হলে তিনি চাঁদপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিশুপার্ক নির্মান, জেলেদের বিকল্প কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান, বিসিক শিল্প নগরীর উন্নয়ন সহ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।

Loading

শেয়ার করুন: