নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল হাট বাজার ইজারার জন্য টেন্ডার নোটিশ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
সেটি স্থগিত করে সকল বাজারের খাজনা ফ্রি ঘোষণা করলেন নব নির্বাচিত এম পি ইঞ্জিনিয়ার মমিনুল হক । তিনি আজ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে এই ঘোষণা দেন।
তিনি বলেন, খাজনা আদায়ের মাধ্যমে বাজারে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। তাই এখন থেকে আর কোন বাজারে খাজনা আদায়ের ইজারা দেয়া হবে না। আমি চেয়ারম্যানদেরকে বলছি আগামী দিনের মধ্যে হাজীগঞ্জের সকল হাটবাজারে রাজস্ব সরকারি কোষাগারে জমা দিবেন। এই ক্ষেত্রে কারো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি দিয়া দিব।
নতুন বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদক কিশোরগ্যাং জবরদখল সহ সকল অপকর্মের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে। এতে আমার দল বা দলের কোন নেতাকর্মী প্রভাব বিস্তার করবে না। আর আমার নাম বিক্রি করে কেউ যদি এই ধরনের কাজে প্রভাব বিস্তার করতে চায় তা গ্রহণ করবেন না। সকল ভালো কাজের পাশে আমি আছি। এছাড়া আমি চাই হাজীগঞ্জের সকল হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান একটি নির্বাচিত কমিটি দ্বারা সুন্দরভাবে পরিচালিত হোক। সকলের সহযোগিতায় আমি সুন্দর একটি হাজীগঞ্জ শাহারাস্তি গড়তে চাই। আজ হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে চাঁদপুর পাঁচ হাজীগঞ্জ শাহারাস্তি থেকে নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক’সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
![]()