কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল
উদ্দিনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। রোববার সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরে তাকে কচুয়া থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, “অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
গ্রেফতারকৃত অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
![]()