ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

 

 

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে এবং দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগান থেকে সুপারি পাড়তে যান। হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যাক্তির স্ত্রী আছিয়া আক্তার (৩০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে দুটি সন্তান নিয়েই জীবন চলে তাঁদের। মানুষের কাজ করে যেটুকু আয় হতো, তা দিয়েই কোনো রকমে চলে তাঁদের সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে অনিশ্চিত জীবনে পা বাড়ালেন তিনি।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ জানান, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন: