স্টাফ রিপোর্টার:
হাইমচর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় হাইমচর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, জলাশয় ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা, মৎস্য সম্পদ সংরক্ষণ, সার ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচর-চাঁদপুরের বিকল্প সড়কের ব্যাপারে ডিও লেটার দেওয়া হয়েছে। খুব দ্রুত এ সড়কের কাজ শুরু করা হবে। হাইমচরের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে বিকল্প সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
জলাবদ্ধতা ও পরিবেশের বিষয়ে গুরুত্বারোপ করে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচরের সরকারি-বেসরকারি কোনো পুকুর বা জলাশয়ে কচুরিপানা থাকতে পারবে না। সব জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ সবাইকে নিতে হবে। তিনি সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে নিজ নিজ এলাকার জলাশয় পরিষ্কার রাখার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মৎস্য সম্পদ রক্ষার বিষয়ে তিনি বলেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে হবে। কেউ এসব নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
হাইমচরের বাজারগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে এমপি বলেন, জনতা বাজারের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে হবে। বাজারের সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া যাবে না। জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
হাইমচর বাজারে জনসাধারণের জন্য একটি পাবলিক টয়লেট নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচর বাজারে পাবলিক টয়লেট নেই। দ্রুত জায়গা নির্ধারণ করে একটি পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। বাজারে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়া উপজেলার কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার এবং বিদ্যুৎ সরবরাহের বিষয়েও কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। কৃষকরা যাতে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পান এবং বিদ্যুৎ সরবরাহে অনিয়ম বা হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন সংসদ সদস্য।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। পরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভায় অবহিত করেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
![]()