ভাষা এবং দক্ষতা অর্জন করে বিদেশ গেলে দ্রুত সফল হওয়া যায়: জেলা প্রশাসক

 

সাইম পাটওয়ারী :

চাঁদপুরে প্রথমবারের মতো হাইব্রিড মডিউলে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর (সোমবার) দুপুরে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন,জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি কাজের স্কিল থাকা অত্যন্ত জরুরি। আমাদের দেশে বেকারত্বের মূল কারণ হলো শিক্ষা থাকলেও স্কিলের অভাব। জাপানে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। যদি তরুণরা জাপানি ভাষা শিখে সেখানে কাজ করতে পারে, তাহলে দেশের রেমিট্যান্স বাড়বে এবং তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারবে। জাপান এমন একটি দেশ, যেখানে তাদের ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। তাই সেখানে যেতে হলে অবশ্যই ভাষা শেখার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২১ বীর চাঁদপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)-এর অধ্যক্ষ মোঃ আকতার হোসেন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সফিকুল রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানি ভাষা শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ।

এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে চাঁদপুর জেলায় নতুনভাবে কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Loading

শেয়ার করুন: